পাবনা জেলার ফরিদপুর উপজেলার কাশিপুর ও গোপালনগর এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি একটি সংযোগ সেতু। ঐতিহাসিক চলনবিল অধ্যুষিত প্রাচীন এই জনপদে স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও নির্মিত হয়নি কোনো সেতু। ফলে প্রতিদিন চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করছেন কৃষক, শিক্ষার্থী, রোগীসহ হাজারো সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ও কৃষিপণ্য পরিবহনে এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একটি সেতুর অভাবে থমকে আছে স্থানীয় অর্থনীতির স্বাভাবিক গতি। কৃষকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে গিয়ে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হচ্ছেন। যাতায়াতের সুব্যবস্থা না থাকায় মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। পাশাপাশি প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হতে গিয়ে চরম বিপাকে পড়তে হচ্ছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের।
দীর্ঘদিনের এই বঞ্চনা নিয়ে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে কাশিপুর ও গোপালনগর গ্রামের স্থায়ী বাসিন্দাদের মাঝে। আক্ষেপ প্রকাশ করে স্থানীয়রা বলেন, “স্বাধীনতার কত বছর পেরিয়ে যাচ্ছে, তবু আমরা আধুনিক সেবা থেকে বঞ্চিত। রাস্তা পারাপারের জন্য আমাদের কোনো সেতু নেই। সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের একটি সেতু কেউ করে দেয় না। দেশে এত উন্নয়ন হচ্ছে, তবু আমাদের এলাকার উন্নতির জন্য একটি সেতুর দাবি আজও পূরণ হলো না।”
তারা আরও বলেন, “একটি সেতুর অভাবে আমাদের কত ভোগান্তি পোহাতে হয়, সেটা কেউ বুঝতে চায় না।”
স্থানীয় বাসিন্দাদের জোর দাবি, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনদুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জরুরি ভিত্তিতে এখানে একটি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হোক। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

মো: আরিফুল ইসলাম, ফরিদপুর (পাবনা) 



















