রংপুরের সরকারি বিনোদন উদ্যান চিড়িয়াখানায় ‘অসামাজিক কার্যকলাপের’ অভিযোগে ২৭ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা চিড়িয়াখানায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটক ব্যক্তিদের মধ্যে ১৩ জন তরুণ ও ১৪ জন তরুণী রয়েছেন।
পুলিশ জানায়, চিড়িয়াখানার বিভিন্ন বেঞ্চ, বিশ্রামের শেড এবং দর্শনার্থীদের তুলনামূলক কম যাতায়াত করা স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশের দাবি, এসব স্থানে তারা অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন।
২৭ তরুণ-তরুণীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে গোয়েন্দা বিভাগের সদস্যরা চিড়িয়াখানায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৭ জনকে আটক করে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। তাদের বয়স ও সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


















