নাটোরের গুরুদাসপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পবিত্র মক্কা ও মদিনা শরিফ নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষ। রবিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে গুরুদাসপুর থানা চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
অভিযোগ উঠেছে, শিমুল কর্মকার (২৬) নামে এক যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা ও মক্কা শরিফের ছবি বিকৃত করে পোস্ট করেন। অভিযুক্ত শিমুল গুরুদাসপুর পৌর এলাকার গুরুদাসপুর মহল্লার বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন।
স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১০টার দিকে ওই ফেসবুক পোস্টটি প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় মুসলিমদের নজরে আসে। পরে এর প্রতিবাদে অভিযুক্তের বাড়ির সামনে দিয়ে বিক্ষোভ মিছিল করা হয় এবং পরে থানা চত্বরে অবস্থান নিয়ে তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
বিক্ষোভকারীদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে অভিযুক্তকে একটি নির্দিষ্ট সংগঠনের সদস্য হিসেবে দাবি করা হলেও এ বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযুক্ত শিমুল কর্মকারের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার প্রতিবেশী শম্ভু হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। তিনি অভিযোগকৃত ফেসবুক পোস্টের নিন্দা জানিয়ে বলেন, কোনো ধর্মের অনুভূতিতে আঘাত করা উচিত নয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঞ্জুরুল আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযুক্তের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের কাউকে বাড়িতে না পাওয়ায় কাউকে থানায় আনা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের পোস্ট গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।

অনলাইন ডেস্ক 



















