পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষায় চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মো. নাজিম উদ্দীন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মো. আলী আজগর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, পাবনা জেলা শাখার সিনিয়র সভাপতি প্রফেসর এম এ সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ হালিম মাজহার নূর, ভাঙ্গুড়া উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
চলতি বছর চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ১০ জন ট্যালেন্টপুল এবং ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আলী আজগর শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সংসদ সদস্য মো. আলী আজগর বলেন, ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদেরও বিশেষ নজর দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যতে আরও ভালো করার আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস তৈরি করতে হবে।
তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে বড় স্বপ্ন ও সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত অধ্যবসায়, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। চলনবিল বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। শিক্ষার্থী ও অভিভাবকরাও এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 


















