পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন। ‘সপ্তপদী এক্সপ্রেস’ নামে নতুন এই ট্রেনের সম্ভাব্য যাত্রা শুরুর তারিখ আগামী ২৯ আগস্ট। সোমবার (১৭ আগস্ট) রাতে রেলওয়ে বিভাগের উচ্চপর্যায়ের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রেলওয়ের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী ২২ আগস্ট নতুন ট্রেনের র্যাক ভারত থেকে দেশে আসার কথা রয়েছে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ২৯ আগস্ট থেকে ট্রেনটির বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাবনা রয়েছে। তবে এখনো ট্রেনটির সুনির্দিষ্ট সময়সূচি ও যাত্রা শেষের সময় চূড়ান্ত করা হয়নি।
ট্রেনটির নাম নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিভ্রান্তি ছিল। কেউ ‘পাবনা এক্সপ্রেস’, কেউ ‘ইছামতি এক্সপ্রেস’, আবার কেউ ‘চলনবিল এক্সপ্রেস’ নাম প্রস্তাব করেছিলেন। শেষ পর্যন্ত ‘সপ্তপদী’ নামটি নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা জানান, পাবনা মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান। ১৯৬১ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী রোমান্টিক চলচ্চিত্র ‘সপ্তপদী’ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। সেই ‘সপ্তপদী’ চলচ্চিত্রের নাম অনুসারেই পাবনা থেকে চালু হতে যাওয়া নতুন আন্তঃনগর ট্রেনটির নামকরণ করা হয়েছে।
জানা গেছে, ‘সপ্তপদী এক্সপ্রেস’-এ মোট ১১টি কোচ থাকবে। এর মধ্যে একটি এসি বাথ ও দুটি এসি চেয়ার কোচ রয়েছে। ট্রেনটিতে প্রতিদিন প্রায় দুই হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন।
প্রস্তাবিত রুট অনুযায়ী, ট্রেনটি পাবনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে টেবুনিয়া, মাজগ্রাম জংশন, ঈশ্বরদী জংশন, চাটমোহর, ভাঙ্গুড়া, উল্লাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব/মনসুর আলী, টাঙ্গাইল ও ঢাকা স্টেশনে যাত্রাবিরতি করবে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সময়সূচি ও স্টপেজ রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পর নিশ্চিত হওয়া যাবে।
এদিকে পাবনা থেকে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চালুর খবরে উচ্ছ্বসিত পাবনাবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। তাদের প্রত্যাশা, নতুন এই ট্রেন চালু হলে পাবনার সঙ্গে রাজধানী ঢাকাসহ গুরুত্বপূর্ণ জনপদের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে।

পাবনা প্রতিনিধি 


















