শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে রংপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।
এর আগে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পূজামণ্ডপ পরিদর্শন করতে তিন বিভাগের তিনটি জেলায় যাবেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম গন্তব্য রংপুর। এরপর তিনি রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম সফর করবেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।’
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন তিনি।
বিকেল ৩টায় রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তারেক রহমান। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

অনলাইন ডেস্ক 



















