ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আর কখনো ‘অপরাজনীতি’ ফিরে আসতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম।
শুক্রবার (১৭ জুলাই) ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে সাদিক কায়েম বলেন, ২০২৪ সালের এই দিনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হলগুলো ছাত্রলীগমুক্ত হওয়ার ঘটনাকে স্মরণ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই ক্যাম্পাসে ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং গণরুম-গেস্টরুমের নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চালানো হয়েছে, সেই ধরনের অপরাজনীতি আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করাই ‘লীগ ধর’ ম্যারাথনের মূল উদ্দেশ্য।
বর্তমান ছাত্ররাজনীতির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্যাম্পাসে যেন আর কখনো পেশিশক্তিনির্ভর রাজনীতি না হয়। বরং জ্ঞান, আদর্শ ও ইতিবাচক মূল্যবোধভিত্তিক সুস্থ ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।
এদিকে, ম্যারাথনের পাশাপাশি জুলাই মাসব্যাপী ঘোষিত ‘৩৬ দিনের কর্মসূচি’র অংশ হিসেবে শুক্রবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, প্রদর্শনীতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, আন্দোলনের লক্ষ্য ও আকাঙ্ক্ষা, নারীদের সাহসী ভূমিকা এবং আলেম-ওলামাদের অবদান বিভিন্ন আলোকচিত্র ও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হবে।

অনলাইন ডেস্ক 


















