জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের কমেন্ট বিভাগে একসঙ্গে বেশ কয়েকটি নতুন সুবিধা যুক্ত হচ্ছে। ব্যবহারকারীদের যোগাযোগ ও অংশগ্রহণ আরও আকর্ষণীয় করতে এসব ফিচার চালু করছে প্ল্যাটফর্মটি।
নতুন আপডেট চালু হলে টিকটক ভিডিওর কমেন্টে শুধু লিখিত বার্তা নয়, সর্বোচ্চ এক মিনিটের ভয়েস মেসেজও পাঠানো যাবে। মাইক্রোফোন আইকনে ট্যাপ করে ভয়েস বার্তা রেকর্ড করে সেটিকে কমেন্ট হিসেবে পোস্ট করা যাবে।
এ ছাড়া কমেন্টে পোল বা ভোট আয়োজনের সুবিধাও যুক্ত হচ্ছে। একটি পোলে সর্বোচ্চ পাঁচটি বিকল্প রাখা যাবে এবং ভোটের ফলাফল সরাসরি কমেন্ট বিভাগেই দেখা যাবে।
কমেন্টে ছবি যুক্ত করার ক্ষেত্রেও বড় পরিবর্তন আসছে। আগে একটি কমেন্টে একটি ছবি দেওয়া গেলেও নতুন সুবিধায় একসঙ্গে সর্বোচ্চ নয়টি ছবি পোস্ট করা যাবে। ফলে ভ্রমণ, কোনো ঘটনা বা বিশেষ মুহূর্তের একাধিক ছবি একসঙ্গে শেয়ার করা সম্ভব হবে।
পাশাপাশি কমেন্টে লাইভ ছবি পোস্ট করার সুবিধাও বিশ্বজুড়ে চালু করা হচ্ছে।
টিকটক জানিয়েছে, ব্যবহারকারীদের অংশগ্রহণ বাড়ানো এবং কমেন্টে কথোপকথন আরও প্রাণবন্ত করতেই এসব নতুন ফিচার চালু করা হচ্ছে। ভয়েস কমেন্টের ক্ষেত্রেও প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন কার্যকর থাকবে। নীতিমালা লঙ্ঘনকারী বক্তব্য শনাক্ত করতে স্বয়ংক্রিয় প্রযুক্তির পাশাপাশি মানব কর্মীদের সহায়তাও নেওয়া হবে।
নতুন সুবিধাগুলো ধাপে ধাপে বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য চালু করা হবে বলে জানিয়েছে টিকটক।

অনলাইন ডেস্ক 












