পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় হাসিনা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহত হাসিনা খাতুন পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার দিকমারি দেওয়ানপাড়া গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, বুধবার দুপুরের দিকে পাবনা থেকে চাটমোহরের উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজি ভবানীপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় সিএনজিতে থাকা সবাইকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।
এ দুর্ঘটনায় হাসিনার স্বামী গোলাম মোস্তফা, আব্দুল হামিদ জিন্নাহ ও মো. মিনাজ উদ্দিন আহত হয়েছেন। তাঁরা বর্তমানে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অনলাইন ডেস্ক 



















