পাবনার চাটমোহরে উপজেলা মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে নিষিদ্ধ ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য ও জলজ প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙা ব্রিজসংলগ্ন নলুয়া বিল, নবীন ও চর নবীন এলাকায় অভিযান চালানো হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার বিভিন্ন নদী ও বিলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার দেশের মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালে মাছের পাশাপাশি পোনা, কাঁকড়া, বিভিন্ন জলজ কীটপতঙ্গ, সাপ, ব্যাঙ ও জলচর পাখিও আটকা পড়ে। অসাধু ব্যবসায়ীরা এসব জাল সাধারণ জেলে ও শ্রমজীবী মানুষকে দিয়ে ব্যবহার করিয়ে পরিবেশের অপূরণীয় ক্ষতি করছে।
তিনি আরও বলেন, সচেতনতার অভাবে এখনও অনেকেই এই ক্ষতিকর জাল ব্যবহার করছেন। এর ফলে ভবিষ্যতে দেশের নদ-নদী, খাল-বিলে মাছের উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেতে পারে। তাই পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে চায়না দুয়ারী জালের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 


















