পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ ঘর থেকে চাম্পা খাতুন (২২) নামে এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসলাম হোসেনের স্ত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন জানান, রোববার সকালে ওই বাড়ির আশপাশে দুর্গন্ধ পান প্রতিবেশীরা। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বাড়িতে গিয়ে চাম্পা খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাম্পা খাতুন কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অনলাইন ডেস্ক 



















