নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, ময়মনসিংহ ও উত্তরবঙ্গে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায় ও জনসচেতনতা তৈরিতে আলোচনা সভা, গণসমাবেশসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনগুলো।
বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি তাদের জীবন-জীবিকার বিভিন্ন সংকট সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। ১৯৯৪ সালে জাতিসংঘ ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি সাংস্কৃতিক বৈচিত্র্য উদযাপনের পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর ভূমির অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সামনে তুলে ধরার সুযোগ তৈরি করে।
এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য হলো ‘Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being’। প্রতিপাদ্যে আদিবাসী ধাত্রীদের গুরুত্বপূর্ণ অবদান এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা তাদের ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞান ও মাতৃসেবার ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার 


















