গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভানোর কাজে সহযোগিতা করতে মাঠে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল নিজস্ব পানির ট্যাংক নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।
এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে। তবে সড়কে শ্রমিকদের বিক্ষোভের কারণে ওই ইউনিটগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।
এর আগে একই দিন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে।
এদিকে, ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

অনলাইন ডেস্ক 



















