চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সরকারি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম।
শনিবার (১০ অক্টোবর) সকালে চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনকালে এবং পরে রেলওয়ের বিভিন্ন ভূমি ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি।
সকালে প্রশিক্ষণকেন্দ্রে পৌঁছালে আরএনবির একটি চৌকস দল মহাব্যবস্থাপককে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি প্রশিক্ষণকেন্দ্রের অবকাঠামো, প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণার্থীদের ডরমিটরি, খেলার মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণের মান উন্নয়ন এবং প্রশিক্ষণার্থীদের কল্যাণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জিএম মামুনুল ইসলাম।
এরপর তিনি চট্টগ্রামের রেলওয়ে স্টিল মিল সাইডিং ও কলসী দিঘির পাড় এলাকায় রেলওয়ের মালিকানাধীন জমি পরিদর্শন করেন। এ সময় রেলওয়ের ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও জমি দখলের বিষয়টি তাঁর নজরে আসে।
পরিদর্শন শেষে রেলওয়ের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং সরকারি সম্পদ সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
রেলওয়ের ভূমি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন মহাব্যবস্থাপক।

অনলাইন ডেস্ক 


















