ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে আম আদমি পার্টির (এএপি) আহ্বায়ক ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। তাঁর সঙ্গে দলটির আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেজরিওয়াল।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দিল্লির লোধি এস্টেটে নিজের বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে একটি বাসের ভেতর থেকে ভিডিও প্রকাশ করে কেজরিওয়াল জানান, তিনি ও আম আদমি পার্টির অন্য নেতারা দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন।
ভিডিওতে দেখা যায়, বাসে কেজরিওয়ালের সঙ্গে থাকা বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।
যন্তর মন্তরে সিইসির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে যোগ দিতে ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিটের মধ্যেই কেজরিওয়ালকে আটক করা হয়। এদিকে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের সময় কেজরিওয়ালকে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি।
দলটির দাবি, গুজরাটের দায়িত্বপ্রাপ্ত নেতা গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং ও দুর্গেশ পাঠকসহ দলের শীর্ষস্থানীয় নেতাদেরও আটক করেছে পুলিশ।
এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে আটক হওয়া সাবেক মুখ্যমন্ত্রীর সংখ্যা দাঁড়াল চারজনে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটকের খবর পাওয়া যায়।
নির্বাচন কমিশনের কথিত অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান কর্মসূচিকে ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

অনলাইন ডেস্ক 


















