ঝিনাইদহের শৈলকূপায় চাহিদামতো রাসায়নিক সার না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ব্যস্ততম গাড়াগঞ্জ বাজারের প্রধান সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন তারা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, গাড়াগঞ্জ পুরাতন বাজারের সার ডিলার ‘মেসার্স শুভ এন্টারপ্রাইজে’ পর্যাপ্ত সার মজুত থাকার পরও তাদের কাছে সার বিক্রি করা হচ্ছিল না। প্রতিষ্ঠানটির মালিক আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার বর্তমানে কারাগারে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক সার কেনার জন্য ডিলার পয়েন্টে জড়ো হন। সার দেওয়ার অনুরোধ জানালেও প্রতিষ্ঠানের কর্মচারীরা সার বিক্রি করা সম্ভব নয় বলে জানান। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গাড়াগঞ্জ-শৈলকূপা প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন।
অবরোধের সময় কৃষকরা সারের কৃত্রিম সংকট নিরসন এবং দায়ী ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের দুই পাশে বাস, ট্রাক, সিএনজি ও থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।
খবর পেয়ে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সঙ্গে কথা বলেন। পরে কৃষকদের ন্যায্য মূল্যে দ্রুত সার দেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। এরপর স্থানীয় ডিলার পয়েন্ট থেকে তাৎক্ষণিকভাবে কৃষকদের মধ্যে সার বিতরণের ব্যবস্থা করা হয়। সার পাওয়ার নিশ্চয়তা পেয়ে কৃষকরা সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে নেন।
কৃষক আব্দুর রহমান বলেন, সড়ক অবরোধের পরই ডিলার সার দেওয়া শুরু করেন। এতে বোঝা যায়, গুদামে সার মজুত থাকার পরও কৃষকদের তা দেওয়া হচ্ছিল না। তিনি ওই ডিলারের ডিলারশিপ বাতিলের দাবি জানান।
শৈলকূপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সার পাওয়া নিয়ে গাড়াগঞ্জ এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশ ও কৃষি বিভাগ ঘটনাস্থলে গিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করে। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অনলাইন ডেস্ক 

















