ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় আবুল কাশেম (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠ্যতলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। তিনি ভিটিকান্দি এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে রওনা হন আবুল কাশেম। ভবেরচর কলেজ রোড সংলগ্ন ইউটার্ন এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগতির কাভার্ড ভ্যান তার বাইসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদ করিম বলেন, সকাল ৮টার দিকে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিক পর্যবেক্ষণে জানা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আখন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। বর্তমানে মরদেহটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্ক 



















