নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস ও গরুবাহী শ্যালো মেশিনচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
নিহতরা হলেন বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।
হাইওয়ে পুলিশ জানায়, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নাটোরের দিকে যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবাহী শ্যালো মেশিনচালিত টেম্পুর সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্টাফ রিপোর্টার 



















