লক্ষ্মীপুর পৌর বাজারের চার জুয়েলার্স থেকে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি সোনার গহনা নেওয়ার পর ব্যবসায়ী রণজিত পাল উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নিজের দোকান খোলা রেখেই তিনি চলে যান বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এরপর সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি বলে জানান তারা।
রণজিত পাল লক্ষ্মীপুর পৌর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। তিনি শহরের শাঁখারীপাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
স্বর্ণকার সড়কের ব্যবসায়ীরা জানান, রণজিত প্রায় ৩০ বছর ধরে ওই এলাকায় ব্যবসা করে আসছেন। ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিকভাবে একে অপরের কাছ থেকে গহনা এনে গ্রাহকদের দেখানো ও বিক্রির প্রচলন রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে চারটি দোকান থেকে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি সোনার গহনা নেন রণজিত। পরে সেগুলো ফেরত না দিয়ে তিনি উধাও হন বলে অভিযোগ ব্যবসায়ীদের।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন—তমা শিল্পালয়ের পলাশ কুরী, বণিক শিল্পালয়ের সাগর বণিক, পুনম শিল্পালয়ের ঝুটন কুরী ও শিবানী শিল্পালয়ের অসীম কর। তারা রণজিতের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর শাখার সভাপতি সমীর কর্মকার বলেন, চার ব্যবসায়ীর স্বর্ণালংকার নিয়ে একজন ব্যবসায়ী চলে গেছেন। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তার বাসায় গিয়েও কাউকে পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রণজিত পালের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ঘটনাটি জানিয়েছেন। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইন ডেস্ক 


















