পাবনার ঈশ্বরদী-ঢাকা রেলপথের ঈশ্বরদী বাইপাস রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আহাম্মদ আলি (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার মাঠপাড়া গ্রামের দিনমজুর ইউসুফ আলির ছেলে। পরিবারের অভাব-অনটনের কারণে লেখাপড়া চালিয়ে যেতে না পেরে সে ট্রেনে ফেরি করে পপকর্ন বিক্রি করেই জীবিকা নির্বাহ করত।
স্থানীয় সূত্রে জানা যায়, সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে অল্প বয়সেই হকারি পেশা বেছে নেয় আহাম্মদ আলি। প্রতিদিনের মতো সোমবার ভোরে চাটমোহর রেলস্টেশন থেকে ট্রেনে করে ঈশ্বরদী বাইপাস স্টেশনে যায় সে। পরে সেখান থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে রেললাইনে পড়ে যায়। এ সময় ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অকাল এ মৃত্যুর খবরে নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তার বাবা-মা ও স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মূলগ্রাম ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মো. শফিকুল ইসলাম।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 



















