কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার এমন এক মানবসম্পদ তৈরি করতে চায়, যারা হবে মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্বশীল।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম (BIAM) ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়াম ফাউন্ডেশনের সময়োপযোগী ভূমিকার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির সূচনালগ্ন থেকে বর্তমান পর্যন্ত প্রতিটি সফলতাই প্রমাণ করে যে, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপি সরকার সর্বদা একটি দক্ষ এবং সুপ্রশিক্ষিত জনপ্রশাসন প্রত্যাশা করে। আগামী দিনেও সরকারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “এই অভ্যুত্থান পুনরায় প্রমাণ করেছে যে, এ রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘকাল ধরে এদেশের সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী শাসনব্যবস্থার স্বপ্ন দেখে আসছে। বর্তমান সরকার মূলত জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নেরই প্রতিচ্ছবি।”
একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও বেশি জনমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের প্রস্তুত করতে যুগোপযোগী প্রশিক্ষণের ওপরও বিশেষ জোর দেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 


















