পাবনার ভাঙ্গুড়ায় জেলি ও কেমিক্যাল দিয়ে কৃত্রিমভাবে ভেজাল দুধ তৈরির অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৭ এপ্রিল শুক্রবার দিবাগত গভীর রাতে (রাত ১২টা থেকে ৩টা পর্যন্ত) ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা ইউনিয়নের সিংগারি গ্রামে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিংগারি এলাকার দুধ ব্যবসায়ী ফারুক হোসেনের (৪০) বসতবাড়িতে অভিযান চালায় প্রশাসন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। জানা যায়, এই অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গোপনে জেলি ও কেমিক্যালের মিশ্রণে ভেজাল দুধ তৈরি করে তা বাজারে বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।
অভিযান চলাকালে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ পাওয়া যায়। এ সময় প্রায় ৩০ হাজার টাকা সমমূল্যের ২০০ লিটার ভেজাল জেলি জব্দ করা হয়, যা পরে জনসম্মুখে ধ্বংস করার নির্দেশ দেন আদালত।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “ভেজাল দুধ তৈরির অপরাধে অভিযুক্তকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আগামীতেও এই ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে ভাঙ্গুড়া থানা পুলিশ এবং স্থানীয় কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 























