টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ও উৎসবমূখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে । মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯:০০ টায় প্রথম পর্বে গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাসাস গোপালপুরের তত্ত্বাবধানে সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এই শোভাযাত্রায় জাতি-ধর্ম নির্বিশেষে ভিন্ন ভিন্ন আবহে বৈশাখী সাজে সজ্জিত হয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশগ্রহণ করেন।
বৈশাখী শোভাযাত্রা পরবর্তী দ্বিতীয় পর্বে ছিলো একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন কাব্যালেখ্য -“নব পার্বণ”। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কাব্যালেখ্য নব পার্বণ-এর গ্রন্থনা ও পরিকল্পনায় অটল শরিয়ত উল্লাহ, নির্দেশনায় বিশ্বজিৎ চক্রবর্তী, সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগ, সঙ্গীত পরিচালনায় নারায়ণ পন্ডিত, দিপু কর্মকার ও আলমগীর হোসেন।
বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন বাউল শিল্পী জাহিদ সাঁই, বাপন, বিপ্লব, খন্দকার লিটন, ফরহাদ হোসেন, মুরাদ সরকার,জুয়েল সরকার, ফাল্গুনী, মিথিলা, হৃদিতা,ইউশা, শ্রেয়া প্রমুখ।
এই কাব্যালেখ্যতে বাংলা নববর্ষের অতীত ইতিহাস, ঐতিহ্য,কৃষ্টি,চিরায়ত শিল্প সংস্কৃতির বিভিন্ন দিক বর্ণনা কবিতা,গান ও নৃত্যের মাধ্যমে চমৎকারভাবে উপস্থাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নবাব আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মফিজুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: শামসুল হক, বিএমজিটিএ জেলা সভাপতি সহ অধ্যাপক কে.এম শামীম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এই দিনটি অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে এবং নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল প্রতিনিধি 





















