নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনের ১১ দলীয় সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি পক্ষ সবসময় ভয়ভীতি দেখিয়ে ভোটের পরিবেশ নষ্ট করতে চায়।
এই ভয়ভীতি দেশের জনগণ কখনো মেনে নিবে না। কোন ষড়যন্ত্রই এবার দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবেনা। আপনারা সবাই সন্ত্রাস চাঁদাবাজ ও দূর্নীতি রুখতে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া উত্তরা গণভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড পথসভায় ভোটারদেরকে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনুস আলী বলেন, আমরা সারাজীবন ভুল করেছি। যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিতে পারিনি। ভুল জায়গায় বিশ্বাস করে বারবার ভোট দিয়েছি। সবাই কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি।
তিনি আরও বলেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের কোন সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতেও হবে না। আল্লাহ যদি সুযোগ দেন, আমি নিজেই ঘুরে ঘুরে দেখবো কোথায় কী কাজ দরকার। আপনাদের বলার আগেই সেই কাজ বাস্তবায়নের চেষ্টা করবো। আমরা যদি করতে না পারি, আর কোনোদিন আপনাদের কাছে আসব না।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই একটি সৎ, যোগ্য ও সন্ত্রাস চাঁদাবাজমুক্ত জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন- নাটোর-২ সদর আসনের নির্বাচন পরিচালক এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নাটোর শহর সেক্রেটারি আলি আল মাসুদ মিলন, দিঘাপতিয়া ইউনিয়ন আমীর মাওলানা আখের আলী জামায়াত নেতা রুহুল আমিন জিহাদি, মাওলানা আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

নাটোর প্রতিনিধি 



















