কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান অপ্রতিমের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অপ্রতিমের জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বিশ্বরোডের দিকে রওনা হন শিক্ষার্থীরা। পরে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘বাঁশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো’। এ ছাড়া ‘আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে’ এবং ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ স্লোগানও দেন তাঁরা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লাতেও প্রতিনিয়ত এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যান। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, ‘এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে, “ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি”; কিন্তু কী কী তারা পেয়েছে, সেটা আমরা আদৌ জানি না। এই ব্যর্থতার দায় তারা যতক্ষণ না পর্যন্ত মাথায় নেবে, আমরা ততক্ষণ রাস্তায় আছি।’

অনলাইন ডেস্ক 


















