নওগাঁর পত্নীতলা উপজেলার উজিরপুর মিশন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৪২ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৬ জুন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল উপজেলার ৮ নম্বর নজিপুর ইউনিয়নের উজিরপুর মিশন গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাম কুমার (৪০)-কে ১৪২ লিটার চোলাই মদসহ আটক করা হয়। জব্দকৃত চোলাই মদের আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার ৬০০ টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রাম কুমার দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। অভিযানকালে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দিয়ে জানান, তার পিতার নাম মৃত জানকি এবং মাতার নাম মৃত তারাবতী। তিনি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার বাসিন্দা।
র্যাব আরও জানায়, মাদকসেবী ও মাদক কারবারি চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ সাজেদুর রহমান পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি 

















