সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চলনবিলের কৃতি সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল ইসলাম শিশিরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আলফা নেটের সিলভার জুবিলি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
শনিবার (০৮ আগস্ট) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার সিরাজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আলফা নেটের ফাউন্ডার আবু সুফিয়ান হায়দার। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের পর ডাক্তার সিরাজুল ইসলাম যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে দীর্ঘ ৪৫ বছরের প্রবাসজীবনে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অবদান রাখেন। পাশাপাশি নিজ জন্মভূমি বাংলাদেশের মানুষের কল্যাণেও তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।
দেশে তাঁর বড় ভাই, চলনবিলের ‘রত্ন’ হিসেবে পরিচিত মরহুম এম এ হামিদের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও ডাক্তার সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
নিজ এলাকার মানুষের শিক্ষা ও উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে গত কয়েক বছর ধরে ডাক্তার সিরাজুল ইসলাম তাঁর নিজ গ্রাম নাটোরের খুবজিপুরে দারুল উলুম সরদার আব্দুল হামিদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে তা পরিচালনা করছেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে খুদে শিক্ষার্থীদের ধর্মীয় এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















