কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে ইয়াছির খাঁন (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ ইব্রাহিম (২৩) নামে আরেক পর্যটক নিখোঁজ রয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্যুরিস্ট পুলিশ জানায়, ঢাকার আফতাবনগর থেকে পাঁচজনের একটি দল কক্সবাজারে বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সৈকতে গোসলে নামেন। ওই এলাকায় গোসল বিপজ্জনক হওয়ায় লাল পতাকা টানানো ছিল।
গোসলে নামার কিছুক্ষণ পর পাঁচজনই স্রোতের মধ্যে পড়ে বিপদে পড়েন। পরে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও ইয়াছির ও ইব্রাহিম সাগরের পানিতে তৈরি হওয়া গর্তে আটকে যান।
খবর পেয়ে লাইফগার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা কক্সবাজারের পথে রয়েছেন।

অনলাইন ডেস্ক 


















