বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। তবে ফাইনাল ঘিরে কোনো বিতর্ক না থাকলেও পুরো টুর্নামেন্টজুড়ে রেফারিং ও পক্ষপাতিত্ব নিয়ে নানা সমালোচনা ছিল। এবার সেই সমালোচনার জবাব দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ডি পল প্রথমেই সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট হলো দেশের মানুষকে আরেকটি বিশ্বকাপের আনন্দ উপহার দিতে পারলাম না। আমাদের সমর্থকেরাই এই আনন্দের সবচেয়ে বেশি যোগ্য। শেষ মুহূর্ত পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি অসীম কৃতজ্ঞতা।’
এরপরই সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দেন এই আর্জেন্টাইন তারকা। তার দাবি, পুরো বিশ্বকাপজুড়েই আর্জেন্টিনাকে ঘিরে ভিত্তিহীন নানা ষড়যন্ত্রের গল্প ছড়ানো হয়েছে।
ডি পল লেখেন, ‘এখন বুঝতে পারছি, কত মানুষ আমাদের ব্যর্থতা দেখার অপেক্ষায় ছিল। পুরো টুর্নামেন্টে তারা একের পর এক ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে। নিজেদের হতাশা ঢাকতেই তারা এমন করেছে। কারণ, আর্জেন্টিনার মানুষ যে আনন্দ অনুভব করেছে, তা তারা কখনোই পায়নি।’
তিনি আরও বলেন, আর্জেন্টিনার সাফল্য, আত্মবিশ্বাস ও উদযাপন অনেকের কাছেই সহ্য হয়নি। তবে এসব সমালোচনা তাদের দুর্বল করেনি, বরং দলের ঐক্য আরও শক্তিশালী করেছে।
ডি পলের ভাষায়, ‘আমাদের হাসি, উদযাপন কিংবা স্বভাব অনেকের ভালো লাগে না। কিন্তু এসবই আমাদের আরও কাছাকাছি এনেছে। দেশের জার্সির প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।’
শেষে সমর্থকদের উদ্দেশে আশাবাদের বার্তা দিয়ে তিনি বলেন, ‘এই পরাজয়ের কষ্ট দীর্ঘদিন থাকবে, কারণ আমরা বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। তবু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত আমি একজন আর্জেন্টাইন হতে পেরে। আমরা আবার ফিরব। কারণ এই দল কখনো লড়াই ছেড়ে দেয় না।’
বিশ্বকাপের স্বপ্ন ভেঙে গেলেও ডি পলের এই বার্তা স্পষ্ট করে দিয়েছে—পরাজয় নয়, নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই সামনে এগোতে চায় আর্জেন্টিনা।

অনলাইন ডেস্ক 


















