নওগাঁর পোরশায় স্থানীয় জনগণের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে পোরশা থানার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রাম মোড় থেকে বড়গ্রাম গড়াকান্দরগামী সড়কে বড়গ্রাম শাহুপাড়া স্মৃতি সংঘ ক্লাবের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউসুফ আলী (৩৮), মো. ইমরান নাজিম (২৩) ও মো. ফারুক হোসেন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় পাকা সড়কে অবৈধ মাদকদ্রব্য বিক্রির খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করেন। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁদের পরিহিত লুঙ্গির কোচর থেকে তাঁদের নিজ হাতে বের করে দেওয়া মোট ৩২ পিস ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ট্যাবলেটগুলোর আনুমানিক মূল্য ৯ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি 


















