মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্বই থাকত না। একই সঙ্গে তিনি বলেন, ওই হামলার কারণেই ইরান এখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি।
মঙ্গলবার (২১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া ইরানের পারমাণবিক চুক্তি (নিউক্লিয়ার ডিল) যদি বাতিল না করা হতো, তাহলে ইরান বহু আগেই পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করত। তার ভাষায়, “আমরা যদি সেই চুক্তি বাতিল না করতাম, তাহলে আজ ইসরায়েল থাকত না। কারণ ইরান অনেক আগেই পারমাণবিক অস্ত্র পেয়ে যেত।”
তিনি আরও দাবি করেন, তার প্রশাসনের শুরুর দিকে, অর্থাৎ ২০২৫ সালের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল।
ট্রাম্পের মতে, ওই হামলার ফলেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি। তিনি বলেন, “আমরা যদি এক বছর আগে বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করতাম, তাহলে আজ তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকত।”
তিনি আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশও গুরুতর নিরাপত্তা হুমকির মুখে পড়ত।
ট্রাম্পের এসব বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইন ডেস্ক 



















