প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘আলফা নেট’-এর সিলভার জুবিলি (২৫ বছর) উদযাপন উপলক্ষে ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’-এর দুই কৃতী সদস্যকে ‘ফিলানথ্রোপিস্ট’ (Philanthropist) সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত দুই ব্যক্তিত্ব হলেন—বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক ডা. সিরাজুল ইসলাম শিশির এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
শনিবার (০৮ আগস্ট ) রাজধানীর অভিজাত হোটেল ‘লা মেরেডিয়ান’-এ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন আলফা নেটের প্রতিষ্ঠাতা আবু সুফিয়ান হায়দার। প্রযুক্তি খাতের প্রতিনিধি, দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে কেবল এই দুই গুণী ব্যক্তিত্বকেই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তাঁরা দুজনই ‘এল্ডারলি কেয়ার বাংলাদেশ’ পরিবারের সম্মানিত সদস্য।
সম্মাননাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম শিশির মহান মুক্তিযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। দীর্ঘ ৪৫ বছরের প্রবাসজীবনে সেখানে তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। একই সঙ্গে নিজ জন্মভূমির মানুষের কল্যাণেও নিরবচ্ছিন্ন সহযোগিতা অব্যাহত রেখেছেন। দেশে তাঁর বড় ভাই, চলনবিলের ‘রত্ন’ হিসেবে পরিচিত মরহুম এম এ হামিদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজের অন্যতম আর্থিক সহযোগী ছিলেন তিনি।
শিক্ষা বিস্তার ও জনকল্যাণে অবদান রাখতে ডা. সিরাজুল ইসলাম নাটোরের খুবজিপুরে ‘দারুল উলুম সরদার আব্দুল হামিদ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান’ প্রতিষ্ঠা করে পরিচালনা করছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা হচ্ছে। সমাজসেবা, শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অন্যদিকে সম্মাননাপ্রাপ্ত অন্য ব্যক্তিত্ব কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও শিল্প খাতের এক পরিচিত মুখ। তিনি বাংলাদেশ খো খো ফেডারেশন ও আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, দক্ষিণ এশীয় আর্চারি ফেডারেশনের মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত নভেম্বর ২০২৫-এ তিনি ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেন। পেশাগত জীবনে তিনি মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান। ক্রীড়া ও সমাজসেবামূলক খাতে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

স্টাফ রিপোর্টার 


















