পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, বিগত কিছুদিন যাবৎ পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিক ভাই-বোনদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে।’
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে নানা ধরনের ইন্ধন দিয়ে শ্রমিকদের ব্যবহার করে আন্দোলনের নামে ষড়যন্ত্র চলছে। শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিক আন্দোলনের নামে অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় দেশকে অস্থিতিশীল করতে চাইছে।
বন্ধ কারখানার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্প মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার পাশাপাশি যেসব কারখানা বন্ধ থাকবে, সেগুলোর তালিকা দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, সোমবার বিকেল তিনটায় শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

অনলাইন ডেস্ক 









