আর্তমানবতার সেবায় অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে নাটোরের গুরুদাসপুরের সামাজিক সংগঠন রাশিদ-নিলু ফাউন্ডেশন। দুই ক্যান্সার রোগীর চিকিৎসা, মেধাবী শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম এবং এক অসহায় নারীর বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
শুক্রবার বিকেলে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সাল থেকে দুস্থ, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে রাশিদ-নিলু ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবার গুরুদাসপুরের ক্যান্সার আক্রান্ত আশিক বিল্লাহ শিমুল (২৮) ও চাঁচকৈড় পুরানপাড়ার নূরে জান্নাত (১০), এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী শাহাদাৎ হোসেন এবং শাহাপুরের এক নারীর বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. আমিরুল ইসলাম, উপদেষ্টা মো. শহীদুল ইসলাম ও মো. আব্দুল খালেক উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, উপদেষ্টা আবুল কালাম আজাদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে রাশিদ-নিলু ফাউন্ডেশন বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও উপবৃত্তি প্রদান, মসজিদ-মাদ্রাসা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকে। পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করাসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সময়ের সঙ্গে ফাউন্ডেশনটির এসব কার্যক্রমের পরিধিও বাড়ছে।

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. 








