২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র।
ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তাঁর উদ্ধৃতিতে নেইমার বলেন, “আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।”
২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হওয়া নেইমার চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বকাপ জিততে না পারলেও জাতীয় দলের হয়ে অসাধারণ এক ক্যারিয়ার গড়েছেন তিনি।
ব্রাজিলের হয়ে দুটি অলিম্পিক গেমসে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য এবং ২০১৬ সালে দেশের ইতিহাসে প্রথম অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক জয়ে নেতৃত্ব দেন নেইমার।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ১২৯টি আন্তর্জাতিক ম্যাচে ৮০টি গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ারের ইতি টানলেন।
চলমান বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে তিনি নিয়মিত একাদশে ছিলেন না। মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান। বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোল করলেও ব্রাজিলকে হার এড়াতে পারেননি।
নেইমারের বিদায়ের ম্যাচে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে।

অনলাইন ডেস্ক 



















