ব্রিকস সম্মেলনে অংশ নেওয়া নেতাদের সম্মানে শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে নৈশভোজের আয়োজন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এতে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং শনিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছান। এরপর তিনি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সারাদিনের ব্যস্ত কর্মসূচির কারণে শি জিনপিং নৈশভোজে যোগ দেননি বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের দাবি, দীর্ঘ বিমানযাত্রা ও সময়ের পার্থক্যের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তবে ক্লান্তির মধ্যেও দিনের অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন চীনের প্রেসিডেন্ট।
নৈশভোজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও অনুষ্ঠানে অংশ নেন।
নৈশভোজে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ ছাড়া উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও অনুষ্ঠানে যোগ দেন।
কেন্দ্রীয় মন্ত্রী ও মুখ্যমন্ত্রীরা সংসদ ভবন থেকে দুটি বাসে করে মধ্য দিল্লির ভারত মণ্ডপমে নৈশভোজের অনুষ্ঠানে যান।
দুই দিনব্যাপী ব্রিকস সম্মেলন রোববার (১৩ সেপ্টেম্বর) শেষ হওয়ার কথা। এতে ১১টি সদস্য দেশ ও ১০টি অংশীদার দেশের নেতাদের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। সম্মেলনের শেষ দিনে মোদির সাতটি দেশের নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
এর আগে শনিবার মোদি ও শি জিনপিংয়ের বৈঠকে ভারত-চীন সম্পর্কের অগ্রগতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা মতপার্থক্যকে বিরোধে রূপ না দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ও কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

স্টাফ রিপোর্টার 



















