অন্তর্বর্তী সরকারের মেয়াদে বিভিন্ন কারণে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি পুনর্বহালের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার সকাল থেকে তাঁরা সেখানে অবস্থান নিয়ে এক দফা দাবি জানাচ্ছেন।
এ কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের সদস্যদের সঙ্গে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মারামারির ঘটনা ঘটে। এর পরপরই চাকরিচ্যুত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান শুরু করেন।
২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর তৎকালীন সরকারঘনিষ্ঠ এস আলম গ্রুপ পরীক্ষা ছাড়াই ব্যাংকটিতে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ দেয় বলে অভিযোগ রয়েছে। তাঁদের অনেকের মূল সনদও ছিল না বলে জানা যায়। এসব কর্মকর্তার বেশির ভাগই চট্টগ্রামের পটিয়া এলাকার বাসিন্দা।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এসব কর্মকর্তার পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে তাঁদের অধিকাংশই পরীক্ষায় অংশ নেননি। এ কারণে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা চাকরি হারান। এরপর থেকেই তাঁরা বিভিন্ন সময় আন্দোলন করে আসছেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের সব কর্মকর্তার শিক্ষাগত সনদ যাচাইয়ের নির্দেশ দেয়। এর পর আবারও আন্দোলনে নেমেছেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক 


















