ময়মনসিংহের গফরগাঁওয়ে পাথরবোঝাই একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মশাখালী ও কাওরাইদ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহে এবং দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর স্টেশনে আটকা পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাথরবোঝাই মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ট্রেনটি গফরগাঁও স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল সোয়া ৫টার দিকে গোলাবাড়ি এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করতে দীর্ঘ সময় লাগতে পারে।

অনলাইন ডেস্ক 


















