চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিম্নআয়ের মানুষের সুবিধার্থে স্বল্পমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ইউনিয়নের ১ হাজার ৫৯৭ জন টিসিবি কার্ডধারী সুবিধাভোগীর মাঝে এসব পণ্য বিক্রি করা হয়।
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় সরকারি উদ্যোগে সাশ্রয়ী মূল্যে ভোজ্যতেল, মসুর ডাল, চিনি ও সাবান পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সুবিধাভোগীরা।
পণ্য বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকিতে উপস্থিত ছিলেন হাউলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার মো. আতিকুর রহমান।
এ সময় ইউপি প্রতিনিধিরা জানান, সরকার নির্ধারিত নিয়ম ও তালিকা অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক কার্ডধারী নির্ধারিত মূল্যে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি ও ১টি সাবান ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
তারা আরও জানান, নিম্নআয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় কমানো এবং নিত্যপণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পণ্য বিক্রয় কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 


















