কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পাঁচ পর্যটকের মধ্যে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এখনো নিখোঁজ রয়েছেন একজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থলের কাছাকাছি সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্বজনেরা প্রাথমিকভাবে তার পরিচয় মোহাম্মদ হারুন হিসেবে শনাক্ত করেছেন। তিনি চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা মোহাম্মদ কবিরের ছেলে।
এর আগে বুধবার বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টসংলগ্ন সৈকতে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তারা হলেন ঢাকার উত্তরার দিয়াবাড়ির বাসিন্দা রোহান (২৩) ও শহীদুল ইসলাম জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ শার্সা এলাকার বাসিন্দা মোহাম্মদ আকাশ (২১)। এখনো নিখোঁজ রয়েছেন ঢাকার আজিমপুরের বাসিন্দা নাফিসুল হক নিবিড় (২২)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের দুটি দল হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন রেজু খাল পেরিয়ে সমুদ্র ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে বেড়াতে গিয়েছিল। বিকেলের দিকে সাগরে জোয়ার শুরু হলে ধীরে ধীরে বালুচরটি পানিতে তলিয়ে যায়। পর্যটকেরা বিষয়টি বুঝতে না পারায় একপর্যায়ে পানিতে আটকা পড়েন।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। তারা চট্টগ্রাম থেকে আসা পর্যটক দলের তিন সদস্যকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে আরও একজনের মরদেহ পাওয়া যায়।
জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার রাকিব হাসান, মো. সানী এবং একই এলাকায় বসবাসকারী নোয়াখালীর বাসিন্দা মোহাম্মদ হেলাল। তারা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সানী ও আকাশ জানান, বুধবার দুপুর ১২টার দিকে তারা ট্রেনে কক্সবাজারে পৌঁছান। এরপর পেঁচারদ্বীপে আগে থেকে বুকিং করা একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে তারা রেজু খাল পেরিয়ে বালুচরে যান। একই সময়ে ঢাকার আরেকটি পর্যটক দলও সেখানে অবস্থান করছিল। হঠাৎ জোয়ারের পানি বেড়ে যাওয়ায় তারা বিপদের মুখে পড়েন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, নিহত চারজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন ডেস্ক 


















