ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের আনুপাতিক হারে বরাদ্দ পাওয়া ১১টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ১০ জনের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার (১৭ এপ্রিল) দলের একজন সহকারী সেক্রেটারি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, অবশিষ্ট একটি আসনসহ মোট ১১ জনের পূর্ণাঙ্গ তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এবারের তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি শরিক ও বাইরের রাজনৈতিক দলের দু’জন নেত্রীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
জামায়াতের চূড়ান্ত তালিকায় রয়েছেন মহিলা জামায়াতের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, মানবসম্পদ ও আইন বিভাগের সম্পাদক অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি এবং নাজমুন্নিছা নিলু।
আঞ্চলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে মেরিনা সুলতানা, সিলেট থেকে মাহফুজা খানম, বগুড়া অঞ্চল থেকে সাজেদা সামাদ এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রাখা হয়েছে।
রাজনৈতিক জোট ও সম্পর্কের ধারাবাহিকতায় নিজেদের কোটা থেকে জাগপা (একাংশ) সভাপতি তাসমিয়া প্রধান এবং এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতুকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী নির্বাচনে অভ্যন্তরীণ আলোচনা ও দীর্ঘ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রাপ্ত ৬৮টি আসনের বিপরীতে আনুপাতিক হারে এবার ১১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

অনলাইন ডেস্ক 

















