বাংলাদেশের শিশুদের পুষ্টি চাহিদা পূরণে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায় প্রতিষ্ঠানটি তৈরি করেছে ‘পুষ্টিগ্রো+’, যা পাঁচ বছর ও তদূর্ধ্ব বয়সী শিশুদের জন্য সিরিয়ালভিত্তিক একটি মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান।
গত ২৩ জুলাই ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই (FICCI) এফডিআই সম্মেলনে নেসলে বাংলাদেশ ও বিসিএসআইআরের যৌথভাবে উদ্ভাবিত এই পণ্যটি প্রদর্শন করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ দেশের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার প্রতিফলন।
‘পুষ্টিগ্রো+’ এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদিনের ঘরে রান্না করা খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায়। এতে প্রোবায়োটিক, আয়রন, জিংকসহ বিভিন্ন প্রয়োজনীয় ভিটামিন রয়েছে, যা শিশুদের মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণে সহায়ক হতে পারে।
সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিভিন্ন বিশিষ্ট অতিথি নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং নতুন এই পুষ্টি উদ্যোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের আন্তর্জাতিক পুষ্টি-অভিজ্ঞতার সমন্বয়ে এই উদ্ভাবন সম্ভব হয়েছে। তাঁর মতে, সরকারি ও বেসরকারি খাতের এ ধরনের অংশীদারিত্ব দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন এবং জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, ‘পুষ্টিগ্রো+’ শুধু একটি পণ্য নয়, বরং শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি মোকাবিলায় প্রতিষ্ঠানের অঙ্গীকারের বাস্তব প্রতিফলন। তিনি জানান, নেসলে বাংলাদেশ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী সমাধান তৈরির মাধ্যমে নেসলে বাংলাদেশ ভবিষ্যতেও মানুষের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং দেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টিতে কাজ করে যাবে।

অনলাইন ডেস্ক 


















