চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিদেশ সফরে গেলে তার যাত্রাপথের প্রতিটি বিষয়ই থাকে কঠোর পরিকল্পনা ও নিরাপত্তার আওতায়। বিশেষভাবে প্রস্তুত করা বিমান থেকে শুরু করে সুরক্ষিত গাড়ি—সবকিছুতেই থাকে যোগাযোগ ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের ভারত সফরেও বিষয়টি আলোচনায় আসে। সফরে তিনি এয়ার চায়নার পরিচালনায় থাকা পরিবর্তিত বোয়িং ৭৪৭-৮ বিমানে যাতায়াত করেন। বিমানবন্দরে অবতরণের পর তাকে বহন করে চীনের শীর্ষ নেতৃত্বের জন্য তৈরি বিশেষ নিরাপত্তাবেষ্টিত ‘হংকি এন৭০১’ লিমুজিন।
শি জিনপিংয়ের ব্যবহৃত বিমানটি বোয়িং ৭৪৭-৮ ইন্টারকন্টিনেন্টাল মডেলের। মূলত বাণিজ্যিক যাত্রীবাহী বিমান হিসেবে তৈরি হওয়া এই উড়োজাহাজটি ২০১৪ সালের শেষ দিকে এয়ার চায়নার বহরে যুক্ত হয়। পরে ২০১৫ সালের মে মাসে বড় ধরনের পরিবর্তনের জন্য বিমানটিকে বাণিজ্যিক সেবা থেকে সরিয়ে নেওয়া হয়।
বিমানে বিশেষ নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা এবং ভিআইপি অভ্যন্তরীণ সুবিধা যুক্ত করা হয়। ২০১৬ সালে এটি চীনের প্রধান রাষ্ট্রীয় বিমান হিসেবে ব্যবহারে আসে। এর আগে চীনের প্রেসিডেন্টরা বিদেশ সফরে বাণিজ্যিক বোয়িং ৭৪৭-৪০০ ব্যবহার করতেন। সফরের আগে এসব বিমানে সাময়িকভাবে ভিভিআইপি সুবিধা যুক্ত করা হতো এবং সফর শেষে সেগুলো আবার বাণিজ্যিক সেবায় ফিরিয়ে দেওয়া যেত।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শি জিনপিংয়ের ব্যবহৃত বোয়িং ৭৪৭-৮ বিমানে স্যাটেলাইটভিত্তিক এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বিদেশে অবস্থান করেও তিনি বেইজিংয়ের সরকারি ও সামরিক কমান্ড সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন।
এ ছাড়া বিমানটিতে হুমকি শনাক্তকরণ, ক্ষেপণাস্ত্র প্রতিরোধের পালটা ব্যবস্থা এবং ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি থেকে সুরক্ষার ব্যবস্থাও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিমানটির অভ্যন্তরীণ নিরাপত্তাব্যবস্থা ও প্রযুক্তিগত সক্ষমতার সুনির্দিষ্ট তথ্য প্রকাশ্যে পাওয়া যায় না। জানা গেছে, এতে ব্যক্তিগত নির্বাহী কক্ষ, শয়নকক্ষ ও বৈঠকের জায়গা রয়েছে। ফলে দীর্ঘ আন্তর্জাতিক সফরেও প্রেসিডেন্ট সেখানে কাজ ও বৈঠক করতে পারেন।
বিমান থেকে নামার পর শি জিনপিংয়ের যাতায়াতের মাধ্যমও বদলে যায়। ভারত সফরে বিশেষ নজর কাড়ে ‘হংকি এন৭০১’ লিমুজিন। চীনা ভাষায় ‘হংকি’ শব্দের অর্থ ‘লাল পতাকা’। ১৯৫৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই ব্র্যান্ড চীনের শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য গাড়ি তৈরি করে আসছে।
এন৭০১ সাধারণ বিলাসবহুল গাড়ি নয়; এটি চীনের শীর্ষ নেতৃত্বের জন্য বিশেষভাবে তৈরি একটি রাষ্ট্রীয় যান। মিসর, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও হংকং সফরেও শি জিনপিংকে এই গাড়ি ব্যবহার করতে দেখা গেছে।
গাড়িটির দৈর্ঘ্য প্রায় ৫ দশমিক ৫ মিটার বা ১৮ ফুট বলে ধারণা করা হয়। এতে বুলেটপ্রুফ কাচ, শক্তিশালী আর্মার প্লেট এবং ২১ ইঞ্চির বুলেটপ্রুফ চাকা ও টায়ার রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ছোট বিস্ফোরণের প্রভাব মোকাবিলায় গাড়িটি বিশেষভাবে তৈরি করা হয়েছে বলেও জানা যায়। রাসায়নিক হামলার ক্ষেত্রে যাত্রীদের সুরক্ষায় এতে বায়ুচাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকতে পারে।
বহু বছর ধরে চীনের নেতারা বিদেশ সফরে সাধারণত সফরকারী দেশের সরবরাহ করা গাড়ি ব্যবহার করতেন। ২০১৪ সালের নভেম্বরে নিউজিল্যান্ড সফরের সময় শি জিনপিং সেই রীতি বদলে নিজের ‘হংকি এল৫’ গাড়ি নিয়ে যান।

অনলাইন ডেস্ক 


















