জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের হয়। পরে মিছিলটি আশুগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। এরপর সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জ্বালানি সংকটের অজুহাতে রুমিন ফারহানা সংসদে অসংসদীয় ভাষায় বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তার বক্তব্য আশুগঞ্জ উপজেলা বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জের মাটিতে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হবে এবং দুর্নীতির অভিযোগ উঠবে বলে মন্তব্য করেন।
এর আগে গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও সংসদে সরকারের সমালোচনা করেন তিনি। ওই বক্তব্যে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অনিয়ম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন রুমিন ফারহানা।

অনলাইন ডেস্ক 


















