সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে সিয়াম নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চান্দাইকোনা শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সিয়াম ওই এলাকার আকরাম হোসেনের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী বন্ধুদের সাথে গোসল করতে নামে সিয়াম। গোসল শেষে অন্য শিশুরা একে একে ডাঙায় উঠে বাড়ি ফিরে এলেও সিয়াম আর ফিরে আসেনি। বেশ কিছুক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়েন এবং চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরের পানিতে সিয়ামের মরদেহ ভেসে উঠতে দেখেন স্বজনরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিশু সিয়ামের এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 


















