শরতের পড়ন্ত বিকেলে উৎসবমুখর পরিবেশে পাবনার ভাঙ্গুড়া উপজেলার গুমানি নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘প্রভাষক জাফর ইকবাল হিরোক পানসি নৌকা বাইচ-২০২৬’-এর ফাইনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার নৌবাড়ীয়া এলাকায় আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো দর্শনার্থী।
প্রতিযোগিতা চলাকালে মাঝি-মাল্লাদের কণ্ঠে ভেসে আসে জারি-সারি ও লোকগানের সুর। সেই তালে তালে দ্রুতগতিতে ছুটে চলে প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলো। কখনো একটি নৌকা এগিয়ে যায়, আবার মুহূর্তেই পেছন থেকে অন্য নৌকা এসে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌকাগুলোর এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের করতালি, উল্লাস ও উৎসাহে মুখর হয়ে ওঠে গুমানি নদীর দুই পাড়।
প্রতিযোগিতা শেষে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মতিন রাজুর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকা বাইচে প্রথম স্থান অর্জনকারী নৌকাকে এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ৪০ হাজার টাকা এবং চতুর্থ স্থান অধিকারীকে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, পাবনার ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম খান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ্ আলম এবং ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে সমবেত হন হাজারো মানুষ।
অনুষ্ঠানের আয়োজক ও ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক সরদার জাফর ইকবাল হিরোক বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতা দেখতে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতি তাঁকে মুগ্ধ করেছে। আবহমান বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এ ধরনের নৌকা বাইচ আয়োজনের চেষ্টা অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 



















