পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ঘুঘুদহ বাজারে অবৈধভাবে সার মজুত, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি এবং অনুমোদন ছাড়া সার সংরক্ষণের অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গোডাউন থেকে ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ১৩৪ বস্তা সার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আদনান মেহেরাজ ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল হোসেন মিলিটারি, যিনি সাবেক সেনাসদস্য, তাঁকে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা করা হয়।
উদ্ধার করা সার স্থানীয় ইউপি সদস্য আসলাম উদ্দিনের মাধ্যমে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ ও সাঁথিয়া থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
গৌরীগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আসলাম উদ্দিন জানান, কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ১৩৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এসব সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আদনান মেহেরাজ ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়া অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 


















