পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে রাঙামাটির জনপ্রিয় পর্যটন আকর্ষণ ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে গেছে। ঝুঁকি বিবেচনায় সেতুটিতে পর্যটকদের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে সেতুটিতে প্রবেশ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কয়েক দিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি দ্রুত বাড়ছে। বর্তমানে হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। পানি বেড়ে যাওয়ায় হ্রদের ওপর নির্মিত দৃষ্টিনন্দন ঝুলন্ত সেতুটির পাটাতন পানিতে ডুবে গেছে। সেতুটির বড় একটি অংশ বর্তমানে পানির নিচে থাকায় পর্যটকদের জন্য সেখানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ১০৫ দশমিক ৫৪ এমএলএম। এই পানি দিয়ে বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে মোট ২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
প্রতি বছর বর্ষা মৌসুমে হ্রদের পানি বৃদ্ধি পেলে ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। এবারও একই পরিস্থিতি তৈরি হওয়ায় সেতুটি দেখতে আসা দূর-দূরান্তের পর্যটকদের অনেকে নিষেধাজ্ঞার কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা বলেন, হ্রদের পানি যেভাবে বাড়ছে, তাতে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতেই সেতুটিতে পর্যটকদের চলাচল বন্ধ করা হয়েছে। পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের প্রবেশ ও চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

অনলাইন ডেস্ক 


















