নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর দুই হাজার সদস্যকে মাঠে নামানো হয়েছে। দুর্গত এলাকায় স্থলপথের পাশাপাশি হেলিকপ্টারসহ আকাশপথেও তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের হিসাবে, ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।
নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজারাম বাসনেত বিবিসিকে জানান, রসুয়া ও নুওয়াকোটসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সেনা সদস্যদের বড় একটি অংশ মোতায়েন করা হয়েছে। দুর্গত এলাকায় আটকে পড়াদের দ্রুত খুঁজে বের করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়াই এখন তাদের প্রধান লক্ষ্য।
তিনি জানান, এখন পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার অভিযানে ৯৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলে আটকে থাকা তিন শ্রমিকও রয়েছেন।
উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি নেপাল পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরাও কাজ করছেন। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে নিখোঁজদের সন্ধান এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।

স্টাফ রিপোর্টার 


















