নেপালে ভয়াবহ হড়পা বান ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বড় ধরনের বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে থাকা অপু বিশ্বাস ও পুরো শুটিং ইউনিট নিরাপদে দেশে ফিরেছে।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান অপু বিশ্বাস।
তিনি বলেন, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ দুর্যোগের ঘটনা ঘটে। অথচ পরদিন ২৭ আগস্ট ওই একই পথ দিয়ে তাদের কাঠমান্ডু ফেরার পরিকল্পনা ছিল।
অপু জানান, মাত্র একদিনের ব্যবধানেই বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে তাদের পুরো দল। যে সড়ক দিয়ে তাদের ফেরার কথা ছিল, দুর্যোগের কারণে সেটি কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে নেপালে শুটিং চালিয়ে যাওয়াও নিরাপদ ও উপযুক্ত মনে হয়নি তাদের কাছে।
অভিনেত্রীর ভাষ্য, এমন ভয়াবহ পরিস্থিতিতে যখন মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে, তখন সেখানে গানের দৃশ্য ধারণ করা অমানবিক মনে হতে পারে। এ কারণে পুরো ইউনিটের সঙ্গে আলোচনা করে শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সবাই নিরাপদে দেশে ফিরে আসেন।
কয়েকদিন ধরে নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাস ও তার সহশিল্পীরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি। নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশের পর থেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্তরা।
এর আগে কলকাতায় ফিরে খরাজ মুখার্জিও জানিয়েছিলেন, তারা নিরাপদে ছিলেন। এবার ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা ও অল্পের জন্য বিপদ থেকে বেঁচে যাওয়ার কথা জানালেন অপু বিশ্বাস।

অনলাইন ডেস্ক 



















